কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন তরুণীর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে তাসলিমা আক্তার (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঢাকা-চট্রগ্রাম রেল পথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশন এলাকায় আজ শনিবার (৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসলিমা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ (মধ্যপাড়া বড় বাড়ি) গ্রামের শানু মিয়ার মেয়ে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম শনিবার এ তথ্য নিশ্চিত করেন।
পরিবারের দাবি, তাসলিমা দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন।
স্থানীয়রা বলছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে মন্দবাগ স্টেশন অতিক্রম করছিল। এসময় ওই তরুণী অসতর্কতাবশত রেললাইনের ওপর চলে এলে ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শুভন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
ওসি বলেন, নিহত তরুণী মানসিক প্রতিবন্ধী হওয়ায় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168235