খারগ দ্বীপের বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর।
এপি’র পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে গত সপ্তাহের শুরুর দিকে দ্বীপটির কাছে তেলের এ আস্তরণ দেখা গেছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার ইরানের নৌযান এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার হামলার আগেই আস্তরণটি প্রথম শনাক্ত হয়। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘উইন্ডওয়ার্ড এআই’-এর বরাত দিয়ে এপি জানিয়েছে, গত মঙ্গলবার খারগ দ্বীপের জলসীমায় প্রথম তেল ছড়িয়ে পড়ার বিষয়টি শনাক্ত করা হয়। শুক্রবার পর্যন্ত এটি প্রায় ৭১ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছিল।
তেলের এ বিশাল আস্তরণটি ঠিক কীভাবে তৈরি হলো, তা এখনো স্পষ্ট নয়। এছাড়া সামরিক কোনো অভিযানের কারণে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও থামছে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা। হরমুজ প্রণালিকে ঘিরে হামলা ও পাল্টা সামরিক অভিযানের মধ্যেই তেহরানের কাছে অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, যুদ্ধবিরতি ভেঙে আবারও সামরিক অভিযানে নেমেছে ওয়াশিংটন। হরমুজ প্রণালিতে ইরানি ও মার্কিন নৌবাহিনীর মধ্যে ‘বিক্ষিপ্ত সংঘর্ষের’ খবর দিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168212