পিরোজপুরে আগুনে ১৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

পিরোজপুরে আগুনে ১৪ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি।

খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদির দোকান, চায়ের দোকান ও চটপটির দোকানসহ মোট ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান। এদিকে দ্রুত ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় স্কুল শিক্ষক আসাদুজ্জামান বাবুল বলেন, রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসময় এলাকাবাসী ও ফায়ারসার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে প্রায় ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শারিকতলা ইউপি সদস্য সুমন বলেন, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168204