রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ শনিবার(৯ মে) সকালে সাজেক ইউনিয়নের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা (৪৯) সাজেক ইউনিয়নের রেতকাবা গ্রামের রঙ্গমনি চাকমার ছেলে।
এই ঘটনায় ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণসহ দুই জন শুকনোছড়া গ্রামের একটি বাড়িতে রাত যাপন করেন। সেখান থেকে আজ ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় ঠ্যাঙাড়ে (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অভিযোগের বিষয়ে জানতে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের কাছে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168197