গাইবান্ধার সাঘাটায় যমুনা তীররক্ষা প্রকল্পের কাজ বন্ধ, তদন্তে অনিয়মের সত্যতা মিলেছে

গাইবান্ধার সাঘাটায় যমুনা তীররক্ষা প্রকল্পের কাজ বন্ধ, তদন্তে অনিয়মের সত্যতা মিলেছে

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন গোবিন্দপুর এলাকায় যমুনা নদীর তীররক্ষা প্রকল্পের ১২ নম্বর প্যাকেজের কাজ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি দৈনিক করতোয়ায় ‘সাঘাটায় যমুনা নদী তীররক্ষা প্রকল্পে দায়সারা কাজ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে প্রকল্পের বিভিন্ন অনিয়ম, ব্লক স্থাপনে ত্রুটি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়। সংবাদটি প্রকাশের পর স্থানীয় প্রশাসন, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সংশ্লিষ্ট দপ্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কাজের নানা অসঙ্গতি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙন রোধে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটিতে নির্ধারিত মান বজায় না রেখে দায়সারাভাবে কাজ করা হচ্ছিল। অনেক স্থানে ব্লক সঠিকভাবে বসানো হয়নি। আবার কোথাও কোথাও নিম্নমানের বালু ও পাথর ব্যবহারের অভিযোগ ওঠে। এলাকাবাসীর অভিযোগ,

তদারকির দুর্বলতার সুযোগ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ শেষ করার চেষ্টা করছিল। গোবিন্দপুর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক বছরে ভয়াবহ নদীভাঙনে তারা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। তাই নতুন প্রকল্প নিয়ে মানুষের মধ্যে আশার সঞ্চার হলেও অনিয়মের অভিযোগে এখন উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি এবং টেকসইভাবে কাজ সম্পন্নের দাবি জানান।

সংশ্লিষ্ট প্রকল্পের তদারকি কর্মকর্ত হাসান মিয়া জুয়েল জানান, বালু, পাথর এবং কাজের মান নিয়ে অভিযোগ ওঠায় কাজ বন্ধ করা হয়েছে। বালু-পাথর পরিবর্তন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168148