অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

তামিলনাড়ুতে টানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর দলটির সমর্থন সংখ্যা ১১৯-এ পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারে সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবেন বিজয়। রাজনৈতিক সূত্রগুলোর ধারণা, এ বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, কংগ্রেসের পাঁচজন বিধায়কের পাশাপাশি ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই ও সিপিএমের দুইজন করে মোট ছয় বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। ফলে নতুন সরকার গঠনের পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক করলেও সরকার গঠনের মতো পর্যাপ্ত সমর্থন না থাকায় ইতিবাচক সিদ্ধান্ত পাননি বিজয়। গভর্নর তখন জানতে চান, ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার পরিচালনা করবে টিভিকে এবং কোন দলগুলো তাদের সমর্থন দেবে।

গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে চমক দেখায় টিভিকে। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে বড় ধাক্কা দেয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

রাজনৈতিক দরকষাকষির মধ্যেই প্রথমে কংগ্রেস টিভিকেকে সমর্থনের ঘোষণা দেয়। তবে তারা শর্ত দেয়, বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো জোট করা যাবে না। পরে ভিসিকে ও বাম দলগুলোর সমর্থন নিশ্চিত হওয়ায় পরিস্থিতি বদলে যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/168132