তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইল বাংলাদেশ

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইল বাংলাদেশ

বাংলাদেশ তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও দুই দেশ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।

বুধবার (০৬ মে) বেইজিংয়ে চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানা‌নো হয়েছে।

এতে বলা হ‌য়ে‌ছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ৫ থেকে ৭ মে বেইজিং সফর করেন পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান। সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ তার উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহায়তা কামনা করে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশই উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। এর আওতায় বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, ডিজিটাল অর্থনীতি, পানি সম্পদ, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ তার উন্নয়ন অগ্রযাত্রায় চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। চীন জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া জনগোষ্ঠীর প্রত্যাবাসনে ঢাকা ও নেপিডোর মধ্যে সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় তারা সমর্থন অব্যাহত রাখবে।

এ ছাড়া, বৈঠকে দুই দেশ পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, উন্নয়ন কৌশলের সমন্বয় এবং চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতি অনুসরণে অটল থাকবে এবং বহুপাক্ষিকতা, জাতিসংঘ সনদের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্র বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও দুই দেশ উদ্বেগ প্রকাশ করে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায়। পাশাপাশি শান্তি পুনঃপ্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার কথা পুনর্ব্যক্ত করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167935