ঢাবির ক্যান্টিনে পচা খাবারের অভিযোগ, হস্তক্ষেপ চায় ডাকসু
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) অভিযোগ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে পচা ও নিম্নমানের খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নানা অনিয়ম চলমান রয়েছে। এসব সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বুধবার (৬ মে) বিষয়টি গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে একটি লিখিত আবেদনপত্র দেন ডাকসুর নেতারা। আবেদনপত্রে স্বাক্ষর করেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
আবেদনপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্টিনে পচা ও নিম্নমানের খাবার পরিবেশন, অপরিষ্কার রান্নাঘর, নিরাপদ পানির অভাব এবং স্বাস্থ্যবিধি উপেক্ষার মতো সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—টিএসসির পরিচালক ও এস্টেট ম্যানেজারের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করা হয়।
ডাকসুর নেতারা বলেন, বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি জনস্বাস্থ্য ও শিক্ষার্থীদের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
এ অবস্থায় চার দফা দাবি উত্থাপন করেছে ডাকসু। দাবিগুলো হলো—ক্যান্টিনগুলোতে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করা, খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ক্যান্টিন পরিচালনায় কার্যকর নীতিমালা ও তদারকি কমিটি গঠন।
ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রশ্নে কোনো অবহেলা গ্রহণযোগ্য নয়। দ্রুত কার্যকর পদক্ষেপই ক্যান্টিন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে।”
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167875