কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নয়ন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের গাংরা বাজারের ব্যবসায়ী ছিলেন। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

আজ বুধবার (৬ মে) দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাতে জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে তারা পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নয়নের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতের বোন কোহিনুর আক্তার বলেন, ভাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে অক্সিজেন সংকট থাকায় বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।
 
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, প্রাথমিকভাবে জেনেছি এলাকার একটি পক্ষের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল আনোয়ার হোসেন নয়নের। ধারণা করা হচ্ছে সেই বিরোধের কারনণ এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ এখনো ঢাকা থেকে চৌদ্দগ্রামে নিয়ে আসা হয়নি। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ রাখছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167872