ফিফা’র সম্মানজনক আচরণের নিশ্চয়তা চায় ইরান
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অংশগ্রহণকে ঘিরে ফিফা’র কাছে নিরাপত্তা ও সম্মানজনক আচরণের নিশ্চয়তা চেয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান দলের সফর নির্বিঘ্ন করতে এমন নিশ্চয়তা দেওয়া জরুরি। তার ভাষায়, আমাদের সফরের জন্য একটি নিশ্চয়তা দরকার। যুক্তরাষ্ট্র যেন আমাদের কোনো রাষ্ট্রীয় প্রতীক বা সামরিক প্রতিষ্ঠান, বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) অপমান না করে। তাজ আরো স্পষ্ট করে বলেন, ইরান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই টুর্নামেন্টের আয়োজক সংস্থা ফিফা, যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়। তার দাবি, যদি কোনো দেশ বিশ্বকাপের আয়োজক হতে চায়, তাহলে অংশগ্রহণকারী দেশের প্রতি সম্মান দেখানো বাধ্যতামূলক। তিনি বলেন, ইরানের সামরিক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের অসম্মানজনক আচরণ মেনে নেওয়া হবে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার পরই তাজ এসব কথা বলেন। গত সপ্তাহে ইরানের একটি ফুটবল প্রতিনিধিদল কানাডায় প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়ে এবং শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়। ওই দলে তিনি নিজেও ছিলেন। তাদের অভিযোগ, কানাডার অভিবাসন কর্তৃপক্ষ তাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে। পরে কানাডা সরকার জানায়, আইআরজিসি’র সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তাজের ভিসা বাতিল করা হয়। তখন তিনি বিমানে ছিলেন। উল্লেখ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র- দুই দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
এই ঘটনার পর ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম ইরান ফুটবল ফেডারেশনকে একটি চিঠি দেন। সেখানে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদলকে সুইজারল্যান্ডের জুরিখে আমন্ত্রণ জানান। তাজ বলেন, ফিফার কাছে যে নিশ্চয়তা চাওয়া হয়েছে, সেটি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তিনি মনে করেন, স্পষ্ট দায়িত্ব ও নিশ্চয়তা থাকলে কানাডার মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167866