নাটোরের লালপুরে ভটভটির ধাক্কায় নিহত ১
লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরের আব্দুলপুরে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির (লছিমন) ধাক্কায় মুক্তার হোসেন নামে অটোভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (৬ মে) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামানিকের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান, মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটোভ্যানযোগে হান্নান মোড়ে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে আব্দুলপুরের করিমপুর রেলগেট থেকে পোকন্দা গ্রামে ইপিজেড শ্রমিক নিতে যাওয়া একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে পড়ে গিয়ে আহত হন বৃদ্ধ মুক্তার হোসেন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফনের ব্যবস্থা করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167842