ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ঢাবির মুহসীন হলে মুখোমুখি শিবির ও ছাত্রদল
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৫ মে ) রাত ১০ টার দিকে এ ঘটনার সূত্রপাত। জানা যায়, হলের সংস্কৃতি সম্পাদক জুলহাসের ওপর হামলার ঘটনার প্রতিবাদে হল সংসদ কর্তৃক অভিযুক্ত ছাত্রদল নেতা রবিনের ছবি সংবলিত একটি ব্যানার হলের প্রধান ফটকে টাঙানো হয়। এতে হামলার ঘটনার নিন্দা জানানো হয় এবং জড়িতদের শাস্তির দাবি তোলা হয়। তবে পরবর্তীতে ওই ব্যানারটি ছিঁড়ে ফেলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে হল সংসদের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে, ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, যথাযথ তদন্ত ছাড়াই তাদের নেতাকর্মীদের লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার পর শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা হল এলাকায় অবস্থান নিলে উত্তেজনা আরও বাড়ে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হল প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে হল সংসদের এক নেতা বলেন, হামলার বিচার না করে উল্টো প্রতিবাদী ব্যানার ছেঁড়া দুঃখজনক।
অপরদিকে ছাত্রদলের একাধিক নেতাকর্মী দাবি করেন, “প্রমাণ ছাড়াই আমাদের নেতাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।” এ ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167823