আদালত অবমাননার অভিযোগে বগুড়ার জেলা প্রশাসকসহ ৩ জনের নামে মামলা

আদালত অবমাননার অভিযোগে বগুড়ার জেলা প্রশাসকসহ ৩ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার : নিষেধাজ্ঞা থাকায় পুকুরপাড়ে বেআইনিভাবে সাইনবোর্ড স্থাপন করে আদালত অবমাননার অভিযোগে বগুড়ার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন বগুড়ার যুগ্ম জেলা জজ আদালত-২-এর বিচারক শামিমা খাতুন। 
আজ মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জজকোর্টের আইনজীবী এম এ ছোবহান।

মামলা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার কোষাশ মৌজার ৫ দশমিক ৯৯ একর আয়তনের ‘বিষলাল’ পুকুর সংস্কারকাজে বাধা ও পুকুরপাড়ে সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে মনছের আলী সরদারসহ ১০ জন বাদি যৌথভাবে মামলা করেন। তাদের অভিযোগ, পুকুর সংক্রান্ত মামলায় আদালতের অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদিরা পুকুরপাড়ে বেআইনিভাবে সাইনবোর্ড স্থাপন করেন।

গত সোমবার বাদিপক্ষের আবেদন আমলে নিয়ে আদালত প্রশাসনের তিন কর্মকর্তাকে শোকজ নোটিশ দেন। সেরেস্তাদার স্বাক্ষরিত নোটিশে আগামী ২৪ মে সকাল ৯টায় আদালতে স্বশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় একতরফা শুনানি অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, কোষাশ মৌজার জেএল-৮১, সিএস খতিয়ান-৭০, এমআরআর-১৩০ ও আরএস খতিয়ানের ৪৫৫/৯৭০ দাগভুক্ত ৫.৯৯ একর পুকুরটি দীর্ঘদিন ধরে বাদিপক্ষ ভোগদখল করে আসছে। পুকুরসংলগ্ন জমিতে তাদের বসতবাড়িও রয়েছে এবং সেখানে মাছ চাষ করে তারা জীবিকা নির্বাহ করছেন।

পরে সম্পত্তিটি ভুলক্রমে ১/১ খতিয়ানে অন্তর্ভুক্ত হলে জেলা প্রশাসকসহ সাতজনকে বিবাদি করে ২০২০ সালে মামলা (নং-৯৫/২০২০) দায়ের করা হয়। ২০২১ সালের ৯ মে বগুড়ার যুগ্ম জেলা জজ-২ আদালত সরকার পক্ষের সময়ের আবেদন নামঞ্জুর করে বিবাদিদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগ করা হয়, গত ২৭ এপ্রিল আদালতের আদেশ উপেক্ষা করে পুকুরটি সরকারি সম্পত্তি দাবি করে বিবাদিরা সেখানে সাইনবোর্ড স্থাপন করেন। পরে ২৯ এপ্রিল বাদিপক্ষ পুনরায় আদালতের শরণাপন্ন হয়ে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন, কোষাশ মৌজার বিষলাল পুকুরে সরকার পক্ষ থেকে সাইনবোর্ড দেওয়া হয়েছে। আদালত অবমাননার অভিযোগের বিষয়টি জানা গেছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167814