দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে জামিল আহমেদ লিমনের মরদেহ বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে নিয়ে যাওয়া হয়।
বেলা সাড়ে ৩টার দিকে মরদেহ গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কফিনবন্দি লিমনের একনজর দেখতে উপচে পড়ে মানুষের ভিড়। মাগরিব নামাজের পর লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। এর পর ২৪ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167735