আটলান্টিকে প্রমোদতরিতে হান্টাভাইরাস, তিনজনের মৃত্যু

আটলান্টিকে প্রমোদতরিতে হান্টাভাইরাস, তিনজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আটলান্টিক মহাসাগরে ভাসমান একটি প্রমোদতরিতে হান্টাভাইরাসের সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন, যা পুরো জাহাজজুড়ে উদ্বেগ তৈরি করেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনসের পরিচালিত মেরু অঞ্চলগামী জাহাজ এমভি হোন্ডিয়াসে এই ঘটনা ঘটে। জাহাজটি বর্তমানে আফ্রিকার পশ্চিমে কেপ ভার্দের অদূরে অবস্থান করছে।

হান্টাভাইরাস মূলত ইঁদুরবাহিত একটি প্রাণঘাতী রোগ, যা ইঁদুরের বিষ্ঠা বা মূত্র থেকে বাতাসে ছড়িয়ে মানুষের শরীরে প্রবেশ করে। বিরল ক্ষেত্রে এটি একজন থেকে আরেকজনের দেহেও ছড়াতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে প্রমোদতরিটি তিন সপ্তাহ আগে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করে। পথে অ্যান্টার্কটিকাসহ কয়েকটি স্থানে যাত্রাবিরতি করেছিল।

মৃতদের মধ্যে দুজন ডাচ নাগরিক বলে নিশ্চিত করেছে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

ডব্লিউএইচও জানিয়েছে, আক্রান্ত ও সন্দেহভাজন ছয়জনের মধ্যে একজনের শরীরে পরীক্ষাগারে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে। অসুস্থদের একজন দক্ষিণ আফ্রিকায় আইসিইউতে চিকিৎসাধীন, যিনি ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে।

এদিকে কেপ ভার্দে কর্তৃপক্ষ অসুস্থ যাত্রীদের জাহাজ থেকে নামার অনুমতি দেয়নি। ফলে অসুস্থ দুই যাত্রী ও এক মৃত ব্যক্তির মরদেহ নিজ নিজ দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। প্রাথমিকভাবে ফ্লুর মতো উপসর্গ দেখা দিলেও পরে তা হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতায় রূপ নিতে পারে। আক্রান্তদের প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে মৃত্যুঝুঁকি থাকে।

ডব্লিউএইচও জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তারা সদস্য রাষ্ট্র ও জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167646