রিয়ালে ফিরতে সাত খেলোয়াড়ের বিদায় চান মরিনহো!

রিয়ালে ফিরতে সাত খেলোয়াড়ের বিদায় চান মরিনহো!

স্পোর্টস ডেস্ক : হোসে মরিনহো আবারও রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরতে পারেন, আর ফিরলেই বড়সড় এক দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই পর্তুগিজ কোচ। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দলে নতুন করে প্রতিযোগিতামূলক মানসিকতা ফিরিয়ে আনতে অন্তত সাতজন খেলোয়াড়কে বিদায় দিতে চান তিনি।

২০১০ সালের মতোই এবারও পুরো স্কোয়াডে বড় ধরনের রদবদল করতে প্রস্তুত মরিনহো। তার পরিকল্পনায় বর্তমান দলে খুব কম খেলোয়াড়ের জায়গাই নিশ্চিত। ছাঁটাই তালিকার শীর্ষে রয়েছেন ডেভিড আলাবা এবং দানি কারভাহাল। বয়স, উচ্চ বেতন এবং ধারাবাহিক ইনজুরি-সব মিলিয়ে তাদের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। আগামী ৩০ জুন চুক্তি শেষ হলে তাদের আর রাখা হবে না বলেই জানা গেছে। এছাড়া দানি সেবায়োস, ফ্রানি গার্সিয়া এবং এদুয়ার্দো কামাভিঙ্গাও রয়েছেন ছাড়পত্রের তালিকায়।

সেবাইয়োস ও ফ্রান গার্সিয়া দীর্ঘদিন ধরেই দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না, আর কামাভিঙ্গা প্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে না পারায় ক্লাব তার ওপর আস্থা হারাচ্ছে। দলের আরেক নাম ব্রাহিম দিয়াজ। প্রতিভার ঝলক দেখালেও ধারাবাহিকতার অভাবে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফলে তাকেও বিক্রির পরিকল্পনা করছে ক্লাব। সবশেষে, তরুণ গঞ্জালো গার্সিয়াকেও দলে রাখার পক্ষে নন মরিনহো।

সব মিলিয়ে, আবার যদি রিয়াল মাদ্রিদে ফেরেন মরিনহো, তাহলে অপেক্ষা করছে বড়সড় এক দলবদল ঝড়। যেখানে নতুন মুখের পাশাপাশি বিদায় নিতে পারেন একাধিক পরিচিত তারকা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167635