ছয় বছরে তৃতীয় লিগ শিরোপা ঘরে তুললো ইন্টার মিলান

ছয় বছরে তৃতীয় লিগ শিরোপা ঘরে তুললো ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক : আবারও ইতালিয়ান লিগ সিরি’আর শিরোপা জিতেছে ইন্টার মিলান। পার্মাকে ২-০ গোলে হারিয়ে সবশেষ ৬ মৌসুমে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে দলটি। রোববার (৩ মে) রাতে সান সিরো স্টেডিয়ামজুড়ে শুরু হয় উৎসব, যা ছড়িয়ে পড়ে পুরো মিলান শহরজুড়ে।

ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে মার্কাস থুরামের গোল ইন্টারকে এগিয়ে দেয়। পরে দ্বিতীয়ার্ধে হেনরিখ মিখতারিয়ান ব্যবধান দ্বিগুণ করে শিরোপা নিশ্চিত করেন। তিন ম্যাচ বাকি থাকতে ইন্টার এখন দুইয়ে থাকা নাপোলির থেকে ১২ পয়েন্ট এগিয়ে। আর তৃতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে ১৫ পয়েন্ট বেশি। শিরোপা জয়ের পর সান সিরো নীল-কালো রঙে রঙিন হয়ে ওঠে। একইসঙ্গে মিলানের বিখ্যাত দুমো ক্যাথেড্রালের সামনে হাজারো সমর্থক জড়ো হয়ে উদযাপন করেন ক্লাবটির ২১তম লিগ শিরোপা ।

২০২৫ সালে অল্প ব্যবধানে শিরোপা হাতছাড়া করা এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ৫-০ ব্যবধানে হারার পর নতুন করে ঘুরে দাঁড়িয়েছে ইন্টার। গত মৌসুমের হতাশা কাটিয়ে উঠতে বড় ভূমিকা রেখেছেন কোচ ক্রিশ্চিয়ান চিভু। দায়িত্ব নেয়ার সময় তিনি এই পর্যায়ে প্রায় নতুন হলেও তার দক্ষ নেতৃত্বে দল ঘুরে দাঁড়িয়েছে। দলনেতা লাউতারো মার্তিনেজ বলেন, ‘আজ আমরা আনন্দিত, কিন্তু গত মৌসুমের পর নতুন করে শুরু করা কতটা কঠিন ছিল, তা ভুলে গেলে চলবে না।’

এদিকে, ১৩ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে লাজিওর বিপক্ষে কোপা ইতালিয়া ফাইনালে জিততে পারলে ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো লিগ ও কাপ ডাবল জয়ের সুযোগ রয়েছে ইন্টারের সামনে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167613