নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ধানের জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মাউল গ্রামে ধানের জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পচিালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। তিনি বলেন, ধানের জমির মাটি কেটে ফেলা কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রমে জমির উর্বরতা নষ্ট হয় এবং খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167589