সাতক্ষীরায় মানববন্ধন, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

সাতক্ষীরায় মানববন্ধন, কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনও অপরাধ নয়’ এমন সব স্লোগান ও প্রতিবাদী আবহে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬।

এ উপলক্ষে আজ রবিবার (৩ মে) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকরা মুখে ও চোখে কালো কাপড় বেঁধে এসব স্লোগান দেন। 

সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং সকল কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্লোগান দেওয়া হয়।

সাংবাদিকরা বলেন, কলমযোদ্ধাদের কণ্ঠরোধ করতে রাজনৈতিক তকমা দিয়ে মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

অবস্থান কর্মসূচিতে প্রদর্শিত প্ল্যাকার্ড ও ব্যানারে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ‘সাংবাদিকতা কোনও অপরাধ নয়’, ‘গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত করে’, ‘সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা কর’, ‘স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর কর’, ‘গণতান্ত্রিক উত্তরণে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য’, ‘স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ নয়’, ‘গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাসের বিচার কর’, ‘সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ কর’, ‘আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার,’ ‘সব কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাও’ নানা স্লোগান তুলে ধরা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, যখনই কোনও সংবাদকর্মী সত্য প্রকাশ করেন, তখনই তার বিরুদ্ধে মামলা-হামলার খড়গ নেমে আসে। সাংবাদিকরা আজ কোথাও নিরাপদ নন। গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাস চালিয়ে ভীতি তৈরি করা হচ্ছে।বক্তারা অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167550