এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকা
পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের অর্থ পাঠানোর প্রবণতা আবারও বেড়েছে। প্রতি বছরের মতো এবারও পরিবার-পরিজনের অতিরিক্ত খরচ এবং কোরবানির প্রস্তুতি সামনে রেখে আগেভাগেই দেশে টাকা পাঠাতে শুরু করেছেন তারা। এর প্রভাব স্পষ্ট হয়েছে সদ্য সমাপ্ত এপ্রিল মাসের রেমিট্যান্স প্রবাহে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার কোটি টাকার বেশি। রোববার (৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশু কেনা ও পরিবারের বাড়তি ব্যয় মেটাতে প্রবাসীরা তুলনামূলক বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেখা গেছে, এপ্রিল মাসে মোট ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকা।
এর আগে মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল আরও বেশি, যা ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে পৌঁছে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেকর্ড গড়ে। ফেব্রুয়ারি মাসে এই প্রবাহ ছিল ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ৯৩৩ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল দুই হাজার ৪৫৪ কোটি মার্কিন ডলার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167528