কেন জন্মদিনে হোটেলে থাকতেন সত্যজিৎ রায়
বিনোদন ডেস্ক : বাংলা ও বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ১০৫তম জন্মবার্ষিকী আজ। যিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন, সেই মহান নির্মাতার জন্মদিন ঘিরেও রয়েছে এক ব্যতিক্রমী অভ্যাসের গল্প। জানা যায়, সত্যজিৎ রায় অধিকাংশ জন্মদিনেই নিজের কলকাতার বাড়িতে সময় কাটাতেন না। বরং শহরের একটি পাঁচতারা হোটেলে অবস্থান করতেন তিনি। এর পেছনে ছিল মূলত অনুরাগীদের অতিরিক্ত ভিড় ও জনসমাগমজনিত অসুবিধা। জন্মদিনে তার কলকাতার বাসভবনের সামনে ভিড় জমাতেন শত শত ভক্ত। তাকে এক নজর দেখার জন্য অনুরাগীদের ভিড়ে এলাকায় তৈরি হতো তীব্র যানজট, ব্যাহত হতো স্বাভাবিক চলাচল। এসব পরিস্থিতি এড়াতেই তিনি ধীরে ধীরে হোটেলে জন্মদিন কাটানোর সিদ্ধান্ত নেন। এছাড়া চিকিৎসকেরাও তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। জনসমক্ষে অতিরিক্ত চাপ এড়াতে এবং শারীরিক সুস্থতা বজায় রাখতেই এই ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167446