লক্ষ্মীপুরে সোনার দোকানে সিন্দুক চুরি, নৈশপ্রহরীকে তুলে নিয়ে হত্যা

লক্ষ্মীপুরে সোনার দোকানে সিন্দুক চুরি, নৈশপ্রহরীকে তুলে নিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি সোনার দোকানের শার্টারের তালা ভেঙে সিন্দুক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেখানে দায়িত্বরত নৈশপ্রহরীর লাশ চাঁদপুরের হাজিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, গতকাল শুক্রবার (১ মে)গভীর রাতের কোনো একসময় পৌর শহরের পাটবাজারে ‘নিউ আপন শিল্পালয়ে’ চুরির ঘটনা ঘটে।

আজ শনিবার (২ মে) সকালে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পাশ থেকে হাত-পা ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় বাজারের একজন নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, চুরির ঘটনাটি দেখে ফেলায় নৈশপ্রহরীকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে।

নিহত ফরিদ (৪৪) রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার মিজি বাড়ির মো. শাহজাহানের ছেলে। তিনি রামগঞ্জ পুলিশ বক্স থেকে পাটবাজার পর্যন্ত দায়িত্ব পালন করতেন।

বাজারের সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে ব্যবসায়ীরা বলেন, একটি সাদা মাইক্রোবাস নিয়ে চোরের দল এসেছিল।

নিউ আপন শিল্পালয়ের’ মালিক রূপন শীল কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি ব্যবসা করে পরিবার নিয়ে কোনোরকম ডাল-ভাত খাই। আমার অঢেল টাকা নেই। ব্যবসাও ভালো যাচ্ছে না। এখন আমার দোকানের শার্টারের তালা ভেঙে চুরি করা হয়েছে।

চোরের দল আমার সোনা ও রূপার অলংকারসহ সিন্দুকটি নিয়ে গেছে। আমাকে শেষ করা দিয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের চাঁদপুরের পরিদর্শক ইমারত হোসেন বলেন, সকালে অজ্ঞাত হিসেবে ফরিদের মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহতের পরিবারকে হাজীগঞ্জ থানায় যোগাযোগের পরামর্শ দেন তিনি।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চুরির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কত টাকার মালামাল চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, নৈশপ্রহরী হত্যার ঘটনায় হাজীগঞ্জে মামলা হবে। আমরা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভির ভিডিও সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167441