রিয়ালে ফেরার গুঞ্জনে মুখ খুললেন মরিনিও
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের ডাগআউটে এর আগেও দেখা গেছে জোসে মরিনিওকে। সেই পর্তুগিজ কোচকেই আবার দায়িত্ব দিতে চলেছে স্প্যানিশ এই দল, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরে। বিষয়টি এবার মরিনিও পর্যন্ত পৌঁছেছে, এই বিষয়ে মুখ খুললেন তিনি।
বর্তমানে বেনফিকার কোচ হিসেবে দায়িত্বে থাকা মরিনিও শুক্রবার জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। সাংবাদিকদের ৬৩ বছর বয়সী এই পর্তুগিজ কোচ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ থেকে কেউ আমার সঙ্গে কথা বলেনি। এটা আমি নিশ্চিত করতে পারি।’ তবে এমন গুঞ্জনকে তিনি দেখছেন ইতিবাচক দৃষ্টিতেই। তিনি বলেছেন, ‘আমি এত বছর ধরে ফুটবলে আছি এবং এসব বিষয়ে অভ্যস্ত। কিন্তু রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কিছুই নেই।’
মরিনিও ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। সেই সময় পেপ গার্দিওলার বার্সেলোনার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল তার। ২০১২ সালে লা লিগার শিরোপা জিতেছিলেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, নতুন কোচের জন্য মাদ্রিদের সংক্ষিপ্ত তালিকায় মরিনিওর নাম আছে। বর্তমান কোচ আলভারো আরবেলোয়াকে সরিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। টানা দ্বিতীয় মৌসুমে কোনো বড় শিরোপা ছাড়াই শেষ হতে যাচ্ছে মাদ্রিদের। লা লিগায় পাঁচ ম্যাচ বাকি থাকতে তারা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। জানুয়ারিতে মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জাবি আলোনসোর জায়গায় আরবেলোয়াকে নিয়োগ দিয়েছিলেন। আলোনসো মাত্র কয়েক মাস দায়িত্বে ছিলেন।
মরিনিও বলেছেন, ‘বেনফিকার সঙ্গে আমার আরও এক বছরের চুক্তি আছে। এটুকুই।’ উল্লেখ্য, এই ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ রাউন্ডে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছিল তার বেনফিকা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167405