৩ উইকেট ৫০ রান বাংলাদেশ, বৃষ্টিতে বন্ধ খেলা

৩ উইকেট ৫০ রান বাংলাদেশ, বৃষ্টিতে বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৪৩ রান তোলে বাংলাদেশ। সপ্তম ওভারে চার বল শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। ৬.৪ ওভারে লিটনদের সংগ্রহ ৫০ রান। লিটন দাস ২৫ ও তাওহীদ হৃদয় ২ রানে অপরাজিত আছেন।

৩ ওভার শেষে বাংলাদেশের রান ছিল বিনাউইকেটে ২১, দ্বিতীয় ওভারেই সাইফ হাসানের ডাবল বাউন্ডারিতে এসেছে ১২ রান। চতুর্থ ওভারের প্রথম বলে জেইডন লেনক্স ফেরান সাইফকে। দলীয় ২১ রানে মিড অফে রবিনসনের সহজ ক্যাচ হন বাংলাদেশি ওপেনার। ১১ বলে করেন ১৬ রান। ওই ওভারে নেমে লিটন দাস তিন বলে একটি করে চার ও ছয়ে ১২ রান তোলেন। পরের ওভারে ধস। নাথান স্মিথ পঞ্চম ওভারের তৃতীয় বলে তানজিদ হাসান তামিমের স্টাম্পে আঘাত করেন। পরের বলে পারভেজ হোসেন ইমন ইশ সোধিকে ক্যাচ দিয়ে ডাক মারেন। তাওহীদ হৃদয় হ্যাটট্রিক করতে দেননি কিউই পেসারকে। ১০ বল ও ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এর আগে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী কিউই অধিনায়ক নিক ক্যালি। ফলে লিটন দাসের দল আগে ব্যাট করতে নামে। বাংলাদেশের একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামে ছিল। যদিও ৬ উইকেটে জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠেই গড়াতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সেদিনের মতো আজও (শনিবার) চোখ রাখাচ্ছে বিরূপ আবহাওয়া। সেই শঙ্কা নিয়েই আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে কেবল একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা, তানজিম হাসান সাকিব পিঠের ইনজুরির কারণে বাদ পড়েছেন। তার বদলে নেওয়া হয়েছে সাইফউদ্দিনকে।

অন্যদিকে, সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমে একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। বেন লিস্টার এবং ম্যাট ফিশারের বদলে একাদশে ঢুকেছেন জেডন লেনক্স এবং বেন সিয়ার্স।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167385