টেকসই কৃষিতে প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি : সমাজকল্যাণ মন্ত্রী

টেকসই কৃষিতে প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি : সমাজকল্যাণ মন্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, টেকসই কৃষিতে প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি।

দিনাজপুরের ঘোড়াঘাটে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষা এবং কলাকৌশল বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আজ শনিবার (২ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি সেচ বিভাগের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করে মন্ত্রী আরও বলেন, টেকসই কৃষি উন্নয়নের জন্য পানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির প্রাপ্যতা কমে আসায় কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিএডিসি সেচ বিভাগের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, পশ্চিমাঞ্চল অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. খান ফয়সাল আহমদ, বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সারাহ নওরিন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার, রংপুর (সেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসান মো. মিজানুল ইসলাম, যশোর জোনের পানি সাশ্রয়ী ও পলিশেড নির্মাণ প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, দিনাজপুর (সেচ) রিজিয়নের নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিহা জামাল।

প্রশিক্ষণ কর্মসূচিতে যশোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. মাযহারুল ইসলাম প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে পলিশেডে ফসল উৎপাদনে আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে ফসল রক্ষা, উৎপাদনের গুণগত মান বজায় এবং এ ধরনের প্রযুক্তি কৃষকের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা বিষয়ে আলোচনা ও চাষাবাদের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167383