ফিফা’র সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইরান

ফিফা’র সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইরান

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার বিষয়ে ফিফার সঙ্গে বৈঠক করতে চায় ইরানের ফুটবল কর্তারা। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ শুক্রবার ইরানি গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের কিছু বিষয় নিয়ে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা করার আছে। এপি জানিয়েছে, ২০ মের আগে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা। এই সপ্তাহে ভ্যাংকুভারে ফিফা কংগ্রেসে যাওয়ার পথে টরন্টোতে ইরানি প্রতিনিধিদের যে সমস্যায় পড়তে হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তাজ। কানাডার অভিবাসন কর্মকর্তারা তাকে আইআরজিসির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে তাজ বলেছেন, ‘আমাদের সবার ভিসা ছিল। তুরস্কেও চেক করা হয়েছিল। তারা বলল, আপনাদের জন্য কিছু প্রশ্ন আছে এবং জিজ্ঞেস করল আমরা আইআরজিসির সদস্য কিনা।’ তিনি আরও বলেছেন, ‘আমরা বললাম ইরানে ৯ কোটি আইআরজিসি সদস্য আছে। তারা বলল, এই সংগঠনের মানুষদের আমরা প্রবেশ করতে দিই না। বলল, এটা আমাদের দেশের আইন।’ তাজ জানিয়েছেন, কিছুক্ষণ পর তারা বলেছে প্রবেশ করতে পারবেন। কিন্তু তারা নিজেরাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেছেন, ‘তারা আমাদের বের করে দেয়নি। আমরা নিজেরাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কানাডিয়ানদের বলেছি, আপনারা আমাদের তিন ঘণ্টা বিমানবন্দরে আটকে রেখেছেন, এত সময় নষ্ট করিয়েছেন।’

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক হামলা চালানোর পর থেকে এই গ্রীষ্মের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা চলছে। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বৃহস্পতিবারের কংগ্রেসে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রে এসে নির্ধারিত সময়সূচি অনুযায়ী খেলবে। মার্চে ইরান তাদের ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু সেই অনুরোধ মানা হয়নি।

ইরান গ্রুপ জি-তে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের সঙ্গে আছে। অ্যারিজোনার টুসনে তাদের বেস ক্যাম্প থাকবে। ১৫ ও ২১ জুন ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে দুটি গ্রুপ ম্যাচ খেলবে তারা। ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167378