কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিক
কারাগার থেকে মুক্তি পেয়েছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি।
আজ শুক্রবার (১ মে) দুপুরে অভিনেতা নিজেই জানিয়েছেন এ তথ্য।
এ অভিনেতা আলাপচারিতায় বলেন, কারাগার থেকে মুক্তি পেয়ে এখন পরিবারকে সময় দিচ্ছি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটছে। পাশাপাশি দীর্ঘদিন আমার নিজের অফিস বন্ধ ছিল। যেহেতু আমি ছিলাম না, বন্ধ থাকা স্বাভাবিক। এখন সেখানে কিছুটা সময় দিচ্ছি। সবমিলে এখন ভালো আছি।
এর আগে গত বছরের ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোডে আওয়ামী লীগের দোসর অ্যাখ্যা দিয়ে সিদ্দিককে মারধরের পর রমনা থানায় সোপর্দ করে কিছু মানুষ। পরদিন গুলশানের ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় সিদ্দিকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে রাখা হয় তাকে।
অভিনয়ের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। নিজ জেলা টাঙ্গাইলের রাজনীতির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় এ তাকে।
প্রসঙ্গত, সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে সবার নজর কেড়েছিলেন।