বিজেপি টাকা দিয়ে বুথফেরত জরিপ দেখিয়েছে, আমরা ২২৬ আসন পেরিয়ে যাব: মমতা

বিজেপি টাকা দিয়ে বুথফেরত জরিপ দেখিয়েছে, আমরা ২২৬ আসন পেরিয়ে যাব: মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অধিকাংশ বুথফেরত সমীক্ষায় (এক্সিট পোল) বিজেপির জয়ের আভাস দেওয়ার সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি টাকা দিয়ে এই জরিপ করিয়েছে এবং মূল ফলাফল প্রকাশের পর তৃণমূল এবার ২২৬টিরও বেশি আসন পাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 'যেটা টিভিতে দেখাচ্ছে, এটা বিজেপির অফিস থেকে পাঠানো হয়েছে। বেলা ১টা ৮ মিনিটে এটা সার্কুলেট করেছে। টাকা দিয়ে বলেছে, এটা যেন দেখানো হয়। তার কারণ আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসেছে ১টা ৮ মিনিটে।

বিজেপি কেন এমনটা করেছে—তার একটি কারণও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আসল সত্যিটা বেরোলে শেয়ার বাজারে ধস নামবে। সেজন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে (এটা করেছে)... এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে।'

এবারের অধিকাংশ বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে শেষ পর্যন্ত বিজেপি সরকার গড়বে। ২০২১ সালে যেমন বিজেপির বিশাল ব্যবধানে জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, এবার অবশ্য তেমনটি হয়নি। বেশিরভাগ সমীক্ষা বলছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে শেষ পর্যন্ত বাজিমাত করবে পদ্মশিবির।

মমতার দাবি—২৩০ আসনও পেতে পারি

বুথফেরত সমীক্ষার এই পূর্বাভাস প্রত্যাখ্যান করে দিয়ে তৃণমূল নেত্রী দাবি করেছেন, এবার তৃণমূল কংগ্রেস রেকর্ডসংখ্যক আসন পাবে। তিনি বলেন, 'আমরা ২৩০ আসনও পেতে পারি। ২২৬ ক্রস করব ২০২৬ সালে। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, তাতে আমার তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে।'

ফল নিজেদের পক্ষে আসবে—এমন আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি দলের কর্মী-সমর্থকদের চুপচাপ না থাকারও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। ভোটগণনার শেষ মুহূর্ত পর্যন্ত চূড়ান্ত সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আজ থেকেই ইভিএম পাহারা দিতে হবে।' প্রয়োজনে তিনি নিজেও পাহারায় নামবেন বলে হুঁশিয়ারি দেন।

ভোটগণনার দিন গণনা শেষ না হওয়া পর্যন্ত দলের পোলিং এজেন্টদের কোনো অবস্থাতেই কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন মমতা। তিনি বলেন, 'খেতে বা শৌচালয়ে গেলেও বিশ্বস্ত কাউকে বসিয়ে যেতে হবে।' তিনি নিজে সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত এজেন্টদের গণনাকেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়ে বলেন, অন্যথায় ইভিএমে কারচুপি হতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167290