শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশে এখনো শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি। তিনি দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমিকের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
তিনি স্মরণ করেন, ১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেট স্কয়ারে ‘দিনে আট ঘণ্টা শ্রম’ দাবিতে আন্দোলনে নামা শ্রমিকদের ওপর গুলি চালানো হয়, এবং সেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে মে দিবস পালিত হলেও তা অনেকটাই আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ, শ্রমিকদের বাস্তব অবস্থার তেমন পরিবর্তন হয়নি। ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে শ্রমিকরা দমন-পীড়নের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া, রানা প্লাজা ট্রাজেডির বিচার দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়া এবং সাম্প্রতিক গণআন্দোলনেও শ্রমজীবী মানুষের ত্যাগের কথা উল্লেখ করেন।
নাহিদ ইসলাম বলেন, এখনো বৈষম্য দূর হয়নি। তিনি শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন, যেখানে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167275