এক হাসিতে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া কে এই বালক
আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরলেই চোখে পড়ে একটি দৃশ্য গায়ে ময়লা শার্ট, হাতে চায়ের কাপ আর এক কিশোরের প্রাণখোলা হাসি। অগণিত মিম, ট্রল আর রিলসের কল্যাণে এই মুখটি এখন বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু পর্দার পেছনের মানুষটির পরিচয় বা তার বর্তমান অবস্থা অনেকেরই অজানা।
নিজের ভুবনভোলানো হাসির মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই কিশোরের নাম অরুণ কুমার। ভারতের মুম্বাইয়ের এক অত্যন্ত দরিদ্র পরিবারে অরুণের বেড়ে ওঠা। অভাবের তাড়নায় চতুর্থ শ্রেণির পর আর পড়াশোনা করা সম্ভব হয়নি তার। খুব অল্প বয়সেই জীবিকার তাগিদে তাকে ট্রাকের হেলপার হিসেবে কাজ শুরু করতে হয়।
অরুণ কাজ করতেন নেহেরু নামের এক ট্রাক চালকের সঙ্গে, যাকে তিনি পরম শ্রদ্ধায় ‘নেহেরু আন্না’ বলে ডাকতেন। নেহেরুও তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন।
ভাইরাল হওয়া সেই দৃশ্যটি ছিল সম্পূর্ণ কাকতালীয়। একদিন ট্রাক ধুয়ে কাজ শেষ করার পর নেহেরু আন্না অরুণকে এক কাপ চা দেন এবং একটি কৌতুক (জোকস) শোনান। সেই জোকস শুনে অরুণ এতটাই হেসেছিলেন যে, তার হাত থেকে চা উপচে পড়ছিল। সেই মুহূর্তটি নেহেরু নিজের ফোনে রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। মুহূর্তেই অরুণের সেই অকৃত্রিম হাসি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়।
অরুণের এই জনপ্রিয়তার প্রভাব শুধু ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ থাকেনি। তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে খোদ রাজ্য সরকার। ভাইরাল হওয়ার পর সরকারের হস্তক্ষেপে অরুণের জীবনের কঠিন সংগ্রাম শেষ হয়। এখন সে আর ট্রাকের হেলপার নয়, বরং একজন নিয়মিত ছাত্র।
বর্তমানে অরুণ স্কুলে পড়াশোনা করছে এবং আগামী বছর তার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। পড়াশোনা শেষ করে সে গ্র্যাজুয়েট হতে চায় এবং একটি সুন্দর কর্মজীবন গড়ার স্বপ্ন দেখে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167271