যশোরে যুবলীগের নামে মিছিল, গ্রেপ্তার ৫

যশোরে যুবলীগের নামে মিছিল, গ্রেপ্তার ৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করায় যশোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি ভারতে আশ্রয় নেওয়া পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহার, আটক সকল আওয়ামী লীগ নেতার মুক্তি এবং পুলিশ হত্যার বিচারের দাবিতে যশোরে যুবলীগের ব্যানারে দুটি মিছিল বের হয়েছে দাবি করে ভিডিও প্রকাশ হয়।

আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে মঙ্গলবার সকাল ও রাতে ওই ভিডিও প্রকাশ করা হয়।

এতে দেখা যায় যশোর জেলা যুবলীগের সদস্য জাহিদুর রহমান লাবু ও সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহারের নেতৃত্বে মিছিল বের হয়। 

শহরের বকুলতলায় এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ ভিডিও প্রকাশের পর যশোর জেলা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে গ্রেপ্তাররা হলেন শহরের কাজীপাড়ার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, একই এলাকার নুরল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্টিতলার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান বলেন, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। এমনকি যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে’। 

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে ওসি বলেন, জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।  এছাড়া, এ ঘটনায় বুধবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167191