দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী 

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী 

সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোর ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেন। তবে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়। পরে ২০২৫ সালের ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন দেন হাইকোর্ট। কিন্তু পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলোও স্থগিত করা হয়।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন হত্যার অভিযোগে দায়ে করা দুটি মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে সংশ্লিষ্ট থানা-পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এই প্রেক্ষাপটে দুই মামলায় নতুন করে তাকে জামিন দিল হাইকোর্ট।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167163