রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদি বই, ড্রোন, বিস্ফোরক সামগ্রী ও সামরিক পোশাক উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। ইমরান ও মোস্তাকিম আপন ভাই; তাদের বাড়ি হবিগঞ্জে। রিপনের বাড়ি নওগাঁ এবং আবু বক্করের বাড়ি কামরাঙ্গীরচরে।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকা থেকে ইমরান, কেরানীগঞ্জের জিয়ানগর থেকে মোস্তাকিম এবং রসুলপুর এলাকা থেকে রিপন ও আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীতে নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিলেন। প্রাথমিকভাবে তাদের মিয়ানমারভিত্তিক রোহিঙ্গা সংগঠন আরসার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানভিত্তিক টিটিপির সঙ্গে যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167141