পাবনার চাটমোহরে পুকুর নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত

পাবনার চাটমোহরে পুকুর নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামে একটি সরকারি(খাস) পুকুরের দখল নিয়ে স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায়। আহতরা হলেন- মহেলা গ্রামের আ: রশিদ(৪৫), আ: ছাত্তার(৬৫), আফজাল হোসেন(৬০), হাসিনুর রহমান হাসু(৪০), মেহেদী হাসান সাগর(২৪) ও মাহফুজুর রহমান(২৫)।

জানা  যায়, মহেলা গ্রামের একটি সরকারি পুকুর তিন বছরের জন্য ইজারা নেন হাসিনুর রহমান হাসু। ইজারা নেওয়ার পর বড়গুয়াখড়া গ্রামের মাসুম-ফারুক গং চুক্তিনামার মাধ্যমে হাসুর কাছ থেকে অংশীদার হন। হাসু নিজেই পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন এবং অংশীদারদের টাকা দেওয়ার কথা বলেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিএনপি নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।

গত মঙ্গলবার এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আ: রহিম কালু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এএম জাকারিয়া ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রবিউল করিম তারেকসহ দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে মাসুম-ফারুক গং কে ৭৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।

তখন উভয় পক্ষ সিদ্ধান্ত মানলেও আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে মাসুম-ফারুক গং পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় হাসু গং বাঁধা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৬জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসিনুর রহমান হাসু অভিযোগ করেন, মাসুম-ফারুক গং পুকুর দখল করে জোরপূর্বক মাছ ছাড়ার চেষ্টা করে। নিষেধ করলে তারা লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে মারপিট করেছে। বৈঠকে তারা সিদ্ধান্ত মানলেও, পরে পুকুর দখলের অপচেষ্টা করে।

অভিযুক্ত ফারুক বলেন,পুকুরের অর্ধেকের ইজারা মালিকানা আমাদের। আমরা কোন শালিস মানিনা। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে আমরা পুকুরে মাছ ছাড়তে গেলে হাসু গং আমাদের উপর হামলা করেছে। আমাদের দুইজন আহত হয়েছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: গোলাম মোস্তফা জানান, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167132