লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড 

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড 

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মাদক মামলায় হুমায়ুন আহমেদ কবির নামে এক ইউপি চেয়ারম্যানকে ৫বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও ওই আদালত ৫হাজার টাকা অর্থদন্ড আনাদায়ে আরও ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রওশন আলম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির ২০১২ সালের ১৬মে একটি পিকআপ ভ্যান বোঝাই ভুট্টা নিয়ে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওই পিকআপটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৩৪৪টি নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধার করে।

এসময় পুলিশ ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং সেকেন্দার আলী নামে তার এক সহযোগীকে আটক করে। পরে লালমনিরহাট সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের উভয়কে জেলহাজতে প্রেরণ করে। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার (২৯ এপ্রিল) আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। এরপর আসামিদ্বয়কে কারাগারে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন আইনজীবী এপিপি এডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167131