বগুড়ায় শব্দ সচেতনতা দিবস পালন

বগুড়ায় শব্দ সচেতনতা দিবস পালন

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা শাখার আলোচনা সভায় বক্তারা বলেছেন, জনসাধারণের মানসিকতার উন্নয়ন করা সম্ভব না হলে শব্দ দূষণ রোধ করা সম্ভব হবে না। মানুষ হিসেবে আমরা সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম বধির হয়ে জন্মগ্রহণ করতে পারে।

বক্তারা বলেন, বর্তমানে কিশোর তরুণেরা হেড ফোন লাগিয়ে গান শোনে, কথা বলে এটি কানের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের শ্রবণ শক্তি যত কমবে আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা তত কমবে। একারণে শিশুকাল থেকে শব্দ দূষণ সম্পর্কে সচেতন হতে হবে। অযথা কোথাও হর্ন বাজানো যাবে না। সুস্থভাবে বেঁচে থাকতে হবে।

আজ বুধবার (২৯ এপ্রিল) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাছুদ হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও সচেতনতামূলক টিভিসি প্রদর্শন করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া এর সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সার্কেল মো. রায়হান উদ্দিন মোরাদ, বগুড়ার সিভিল সার্জন ডা.মো. খুরশীদ আলম, ডা. হাবিবুর রহমান রতন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সহ সভাপতি রাহাত রিটু, স্বপ্ন‘র নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, গাক এর প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।

আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানো হয়,যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। এটি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এছাড়াও রাস্তায় অপ্রয়োজনে হর্ন বাজানো হয়।

কিশোর তরুণরা বিকট শব্দ করে মোটরসাইকেল চালায় এগুলো রোধ করা প্রয়োজন। বক্তারা বগুড়া শহরের যে কোন একটি রাস্তা শব্দ দূষণ ফ্রি ঘোষণা করা দরকার এবং জনসাধারণকে তা মানতে বাধ্য করা প্রয়োজন।

এর আগে র‌্যালি বের হয়। জেলা প্রশাসক মো.তৌফিকুর রহমান র‌্যালির উদ্বোধন করেন। এসময়  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর মোহাম্মাদ,রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট ইব্রাহিম হোসেন ছাড়াও গাড়ী চালক, শিক্ষার্থী, বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধিবৃন্দ, পরিবেশ বিষয়ক এনজিও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সুশীলসমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167094