পিএসএল ফাইনালে খেলবেন নাহিদ রানা

পিএসএল ফাইনালে খেলবেন নাহিদ রানা

নাহিদ রানাকে নিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের এই পেসারের জন্য দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) আবারও বহাল করে তাকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি লিখেছেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদকে খেলার অনুমতি দেওয়ায় তামিম (বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল) ভাইকে ধন্যবাদ।’

বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচে নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার জন্য নাহিদ রানাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়াকে খেলোয়াড়ের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া দল ব্যবস্থাপনা ও মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে যে, এই ম্যাচে অংশ নিলে তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা জাতীয় দলের ভবিষ্যৎ দায়িত্বে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাহিদ রানা আগামী ৮ মে ঢাকায় শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে বিবেচনায় থাকবেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167088