ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশ আসার সময় আটক হওয়া দুই যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল মঙ্গলবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- নওগাঁ জেলার বড়নাল উপজেলার বাশবাড়রিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রানা সরদার (৩১) এবং পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ বৈরচুনা ইউনিয়নের হাসিম উদ্দিনের ছেলে মাজেদুর রহমান (৩৬)।

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন বৈরচুনা বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিল। গত সোমবার রাতে বাংলাদেশে আসার সময় পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা বিওপি সীমান্তের মেইন পিলার নং-৩৩৫/৭ এস এর শুন্য রেখায় ভারতের অভ্যন্তরে অবস্থিত পুরানগাঁও বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের আটক করে।

‎পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের বিষয়ে পুরনগাঁও বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষ বাংলাদেশের পীরগঞ্জ থানার বৈরচুনা বিওপি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। পরে গতকাল মঙ্গলবার দুপুরে বিএসএফ এর আহ্বানে বৈরচুনা বিওপি ক্যাম্প কমান্ডার এবং পুরানগাঁও বিএসএফ ক্যাম্প কমান্ডারের মধ্যে দোপাইল নামক স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠক শেষে আটক দুইজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদেরকে বিকেল ৪টার দিকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল হাকিম জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167064