যশোরে ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান, মালিককে ৬ মাসের কারাদণ্ড

যশোরে ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান, মালিককে ৬ মাসের কারাদণ্ড

যশোরের আলোচিত ভেজাল মধু তৈরির কারখানা হিসেবে পরিচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, যশোর শহরতলি শেখহাটি এলাকার বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে দীর্ঘদিন ধরে ভেজাল মধু উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি কালোজিরা, সাদা তিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করা হচ্ছিল। কারখানার গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ মোড়কও উদ্ধার করা হয়। এমনকি কাসুন্দি তৈরির জন্য গত বছরের আম সংরক্ষণ করে রাখার প্রমাণও পাওয়া যায়।

পরে যশোরের সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে বিএসটিআই যশোরের সহকারী পরিচালক আব্দুল মতিন অংশ নেন।

এর আগেও আলোচিত বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাকে একাধিকবার জরিমানাও করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167032