রাঙ্গাবালীতে ঝড়ের সময় গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কালবৈশাখি ঝড়ের সময় গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ফসলের মাঠে গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাঁধতে যান সৌরভ। তখন বিকট শব্দে আকাশে বিজলি চমকালে সেখানে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মাত্র এক সপ্তাহ আগে সৌরভ প্রথম সন্তানের বাবা হয়েছেন। এমন সময়ে তার অকালমৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে তার স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ। এ ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সকালের দিকে বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর সেই বজ্রপাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের অফিসার পাঠানো হয়েছে। নিহতের পরিবার যেভাবে চাইবেন, পুলিশের পক্ষ থেকে সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।