এবার মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছে ট্রাম্প

এবার মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) তারা পাসপোর্টের একটি নতুন নকশা উন্মোচন করেছে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি রয়েছে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তরা জানিয়েছে, আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি সম্বলিত বিশেষ এই স্মারক পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। তবে সমালোচকরা এটিকে জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্পের ব্যক্তিগত ব্র্যান্ডিং ছড়িয়ে দেওয়ার নতুন পদক্ষেপ হিসেবে দেখছে।

মঙ্গলবার হোয়াইট হাউজ ও পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাসপোর্টের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করা হয়েছে, যার পটভূমিতে রয়েছে মার্কিন পতাকা এবং স্বাধীনতার ঘোষণাপত্রের কিছু অংশ। নকশাটিতে প্রেসিডেন্টের স্বাক্ষর সোনালী রঙে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া পাসপোর্টের অন্য একটি পাতায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা জনকদের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করার একটি ছবিও স্থান পেয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, যেহেতু আগামী জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার ২৫০তম বার্ষিকী পালন করতে যাচ্ছে, তাই পররাষ্ট্র দপ্তর এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সীমিত সংখ্যক বিশেষ নকশাকৃত পাসপোর্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এই স্মারক পাসপোর্টগুলো ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সির মাধ্যমে আবেদনকারী মার্কিন নাগরিকদের দেওয়া হবে। চলতি গ্রীষ্মে এর বিতরণ শুরু হবে এবং স্টক থাকা পর্যন্ত তা চলবে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রচলিত মার্কিন পাসপোর্টগুলোতে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত ছবি থাকে। যেমন-ভেতরের প্রচ্ছদে ফোর্ট ম্যাকহেনরি যুদ্ধের পর ফ্রান্সিস স্কট কির একটি চিত্র রয়েছে, যা তাকে জাতীয় সংগীত লিখতে অনুপ্রাণিত করেছিল। অন্যান্য পাতায় অ্যাপোলো ১১-এর চাঁদে অবতরণ এবং স্ট্যাচু অব লিবার্টির মতো প্রতীকগুলো দেখা যায়।

ট্রাম্প গত বছর দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান ও প্রতীকে নিজের নাম ও ছবি যুক্ত করার প্রচেষ্টা শুরু করেছে। পাসপোর্টের নতুন নকশাটি ট্রাম্প প্রশাসনের এই প্রচেষ্টারই সর্বশেষ একটি উদাহরণ।  খবর : আল-জাজিরার।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167004