ছয় বলে ছয় উইকেটের দুর্লভ কীর্তি গড়লেন ইংলিশ পেসার

ছয় বলে ছয় উইকেটের দুর্লভ কীর্তি গড়লেন ইংলিশ পেসার

স্পোর্টস ডেস্ক : ছয় বলে ছয় ছক্কা একসময় অবিশ্বাস্য মনে হলেও এখন তা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ছয় বলে ছয় উইকেট এমন কীর্তির কথা কি কখনো শুনেছেন? বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনই এক ঘটনা ঘটেছে। আর এই অসাধারণ কাণ্ড ঘটিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন ইংল্যান্ডের পেসার মাইলস ডেভিস। তিনি জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসের এক বিশেষ রেকর্ড বইয়ে, যেখানে ডাবল হ্যাটট্রিকের মতো বিরল অর্জনও রয়েছে। 

গত শনিবার (২৫ এপ্রিল) ঘটনাটি ঘটে সাউথ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনে, পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসাল ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পেনক্রিজ ৪৫.৩ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও পেলসালের ইনিংস দ্রুত ভেঙে পড়ে। এক পর্যায়ে ৮ ওভারের শেষে পেলসাল ছিল ২ উইকেটে ৪৯ রান, সেখান থেকেই শুরু হয় মাইলস ডেভিসের ভয়ংকর বোলিং স্পেল। এর আগেই তিনি তার তৃতীয় ওভারে একটি উইকেট তুলে নিয়েছিলেন। এরপর নবম ওভারে এসে তিনি ম্যাচের পুরো চিত্রই বদলে দেন। ওভারের শুরুতে তিনি একটি ওয়াইড বল করেন, তবে দ্রুতই নিজের লাইন ও লেন্থ ঠিক করে নেন। এরপর ওই ওভারের শেষ দুই বলে পরপর দুই ব্যাটারকে বোল্ড করেন তিনি। এতে মাঠের পরিবেশ উত্তেজনায় ভরে ওঠে এবং দর্শক ও সতীর্থরা মোবাইল বের করে রেকর্ড করার প্রস্তুতি নিতে থাকেন।

পরের ওভারের প্রথম বলেই তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন, একজন ব্যাটারকে উইকেটকিপারের হাতে ক্যাচ আউট করে। এরপরও তার দুর্দান্ত ছন্দ থামেনি। পরের বলেই আরও একজন ব্যাটসম্যান আউট হয়ে যান। এরপর টানা আরও দুই বলে তিনি মিডল স্টাম্প ও অফ স্টাম্প ভেঙে দেন দুই ব্যাটারের, ফলে টানা ছয় বলে ছয় উইকেটের অবিশ্বাস্য কীর্তি সম্পন্ন হয়। এই ধসের ফলে পেলসাল মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায় এবং পেনক্রিজ ১১৬ রানে বড় জয় পায়। ম্যাচ শেষে মাইলস ডেভিস ৬ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৭ উইকেট নিয়ে অসাধারণ পরিসংখ্যান গড়েন।

ডেভিস নিজের অনুভূতি জানিয়ে বলেন, এই অর্জন এখনো তার কাছে ‘অবাস্তব’ মনে হচ্ছে। তার ভাষায়, চতুর্থ উইকেট পাওয়ার পরই তিনি বিস্মিত হয়ে যান, কিন্তু এরপর একের পর এক উইকেট আসতে থাকায় পুরো ঘটনাটি যেন স্বপ্নের মতো মনে হয়েছে।

এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ক্রিকেটের এক অত্যন্ত ছোট এবং অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছেন। জানা গেছে, বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা এর আগে মাত্র কয়েকবার ঘটেছে, এবং যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম এই কীর্তি গড়েছেন। খবর : বিবিসি।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167001