ইরান পারমাণবিক অস্ত্র পেলে গোটা বিশ্ব হুমকির মুখে পড়বে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধ নিয়ে জার্মানির সমালোচনার জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের মন্তব্যকে সরাসরি আক্রমণ করে ট্রাম্প বলে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে এই যুদ্ধ প্রয়োজন ছিল। ইরান পারমাণবিক অস্ত্র পেলে গোটা বিশ্ব হুমকির মুখে পড়বে বলেও দাবি করেছে সে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জকে তীব্রভাবে আক্রমণ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সে লিখেছে, ‘জার্মানির চ্যান্সেলর মের্জ মনে করেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে। তিনি কী বলছেন, তা তিনি জানেন না! ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে পুরো বিশ্ব জিম্মি হয়ে যেত।’ সে আরও বলে, ‘আমি এখন ইরান নিয়ে এমন কিছু করছি, যা অন্য দেশ বা প্রেসিডেন্টদের অনেক আগেই করা উচিত ছিল। জার্মানি অর্থনৈতিকসহ নানা ক্ষেত্রে কেন খারাপ করছে-এতে অবাক হওয়ার কিছু নেই!’
মূলত ট্রাম্পের এই মন্তব্য ইউরোপ ও ন্যাটো মিত্রদের প্রতি তার দীর্ঘদিনের অসন্তোষের প্রতিফলন। বিশেষ করে তারা এই যুদ্ধে পুরোপুরি সমর্থন বা সরাসরি অংশগ্রহণ না করায় ট্রাম্প সাম্প্রতিক সময়ে অনেকবারই অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও জার্মানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, তবুও মের্জ সম্প্রতি ইরান যুদ্ধকে ‘অপরিকল্পিত’ বলে সমালোচনা করেন। তিনি বলেন, ‘এ ধরনের সংঘাতে শুধু প্রবেশ করাই নয়, বের হওয়াটাও গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে ২০ বছর আমরা এর কষ্টকর অভিজ্ঞতা দেখেছি। ইরাকেও তা দেখেছি।’ মের্জ আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়ে তাদের বন্দর অবরোধ তুলে নেয়ার শর্ত দিচ্ছে, যা ওয়াশিংটনকে ‘বিব্রত’ করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167000