দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি অ্যাথলেটিকো-আর্সেনাল
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। দুই দলেরই লক্ষ্য প্রথম শিরোপা জয়। শেষ চারের বাধা পেরিয়ে আবারও শিরোপা মঞ্চে পৌঁছাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় রাত ১টায় মুখোমুখি হবে স্প্যানিশ ও ইংলিশ জায়ান্টরা। অ্যাথলেটিকোর ভরসা নিজেদের ঘরের মাঠ, আর আর্সেনাল চাইছে আসরজুড়ে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে।
স্পেনে এবার ইংলিশ জায়ান্ট আর্সেনাল মাঠে নামলেও তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা নয়। চ্যাম্পিয়নস লিগের শেষ চারে নেই স্পেনের শীর্ষ দুই ক্লাব। তাই দেশটির বিগ থ্রির তৃতীয় দল অ্যাথলেটিকো এবার ফাইনালে ওঠার মিশনে নেমেছে। শিরোপা মঞ্চে যাওয়ার লক্ষ্য তাদের জন্য নতুন নয়। আগের তিনটি ফাইনালে উঠলেও ট্রফি জয়ের স্বাদ পায়নি তারা। এবার তাই চতুর্থ ফাইনালে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে দলটি, আর প্রথম লেগটি হবে হোম ম্যাচ হিসেবে ওয়ান্দা মেত্রোপলিতানোয়।
ইনজুরির কারণে পাবলো বারিওস ও ডেভিড হ্যান্সকোকে পাচ্ছেন না দিয়েগো সিমিওনে। তবে আদেমোলা লুকমান ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। আর্জেন্টাইন এই হেড কোচের লক্ষ্য ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। অ্যাথলেটিকো মাদ্রিদের হেড কোচ দিয়েগো সিমিওনে বলেন, ম্যাচটি কঠিন হবে, তবে আমরা আশা নিয়েই নামব। এটা ফাইনালে ওঠার মিশন। আমরা চাপ অনুভব করছি না, এটা আমাদের দায়িত্ব। বড় অর্জনের খুব কাছেই আমরা আছি।
দুই লেগ শেষে অ্যাথলেটিকো ও আর্সেনালের মধ্যে এক দল নিশ্চিতভাবে ফাইনালের টিকিট পাবে। অন্যদিকে, আর্সেনালও এখনো চ্যাম্পিয়নস লিগে শিরোপা জেতেনি। ২০০৬ সালে একমাত্র ফাইনালে উঠলেও সেবার বার্সেলোনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়। এবার শুধু চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার চাপই নয়, প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও আর্সেনালের পারফরম্যান্স ইউরোপজুড়ে আলোচনায় রয়েছে। সর্বশেষ ম্যাচে কাই হাভার্টজ ও এজে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও একাদশ নিয়ে খুব বেশি চিন্তায় নেই মিকেল আর্তেতা। এবারের চ্যাম্পিয়নস লিগে অপরাজিত থাকা আর্সেনালকে আত্মবিশ্বাস দিচ্ছে আরও।
আর্সেনালের হেড কোচ মিকেল আর্তেতা বলেন, ম্যাচের চাপ ও প্রত্যাশা কেমন হবে, তা আমরা জানি। তবে পুরো আসরজুড়ে আমরা প্রমাণ করেছি যে ইউরোপের যেকোনো মাঠে আর্সেনাল পারফর্ম করতে পারে। সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা নামব।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166996