শ্রমিকের নিরাপত্তাসহ ৩১ দফা বাস্তবায়ন দাবিতে বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংবাদ সম্মেলন 

শ্রমিকের নিরাপত্তাসহ ৩১ দফা বাস্তবায়ন দাবিতে বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর ও জেলা শাখা। সম্মেলনে শ্রমিকের নিরাপত্তাসহ ৩১ দফা দাবি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী ৩১ দফা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে।

অবিলম্বে সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাতভিত্তিক ন্যূনতম মজুরি মানদণ্ড নির্ধারণ করতে হবে। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে মজুরি বৈষম্য কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং মজুরি কাঠামোর সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। চাল-ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করতে হবে। বন্ধকৃত সার কারখানা চালু করা এবং সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে। বেতন ভাতাসহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়া সংবাদ সম্মেলনে তিনি, রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদেরকে অংশীদারিত্ব দিতে হবে এবং সংসদ নির্বাচনে শ্রমিকদের জন্য ৩০টি সংরক্ষিত আসন নিশ্চিত করতে হবে। গণভোটে প্রতিফলন জনগণের রায়কে যথাযোগ্য মর্যাদা দিয়ে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি, শ্রমিক সমাজকে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করার আহবান জানান।

এছাড়া আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে শহরের সাতমাথায় সকাল ৮টায় শ্রমিক সমাবেশ, সমাবেশ শেষে র‌্যালি, ব্লাড গ্রুপিং, ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় ও আহত শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী, গেঞ্জি বিতরণসহ নানা কর্মসূচি সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করেন। সংবাদ সম্মেলন শেষে গোলাম রব্বানী প্রেস ক্লাব এলাকায় শ্রমিকের মাঝে প্রচারপত্র বিতরণ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, সেক্রেটারি মাস্টার আনোয়ারুল ইসলাম, জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, সহসভাপতি জহুরুল ইসলাম বাদশা, পরিবহন শ্রমিক ফেডারেশনের বগুড়া অঞ্চলের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ আসলাম, মহানগর সহসভাপতি মেহেদী হাসান, মোরশেদুল ইসলাম সুইট, আব্দুল হাই সিদ্দিক, জামিল মাহমুদ, শাহাদত হোসেন, আলমগীর হোসেন, তারেকুল ইসলাম, জিয়া আলম প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166957