বগুড়ার শেরপুরে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন, পালিয়েছে ছাত্রের পরিবার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বিয়ের দাবিতে এক কলেজছাত্রের বাড়িতে অনশন শুরু করেছেন অনার্স পড়ুয়া এক কলেজছাত্রী। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার গাড়িদহ ইউনিয়নে রামনগর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। কলেজছাত্র ওই গ্রামের আব্দুল আলীর ছেলে আব্দুল হালিম (২৬)। সে জুলাই আন্দোলনে শেরপুরের সমন্বয়ক ও সরকারি আজিজুল হক কলেজের সমাজকল্যাণ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র, এছাড়াও পেশায় একজন পল্লি পশু চিকিৎসক বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই ছাত্রীর (২১) বাড়ি উপজেলার খানপুর ইউনিয়নের সালফা গ্রামে ও বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ওই ছাত্রী জানান, গত পাঁচ বছর ধরে আব্দুল হালিমের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে।
সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হালিম তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি তিনি বিয়ের জন্য চাপ দিলে হালিম বিভিন্ন তালবাহানা শুরু করে। মেয়ের পক্ষ থেকে পাঁচবার বিয়ের প্রস্তাব হালিমের বাড়িতে পাঠানো হলেও তার পরিবার তা সরাসরি প্রত্যাখ্যান করে।
এক পর্যায়ে আব্দুল হালিম ওই তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলে কোনো উপায় না পেয়ে মঙ্গলবার বিকেলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন। বিয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে নড়বেন না। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের বিচার ও সামাজিক স্বীকৃতির দাবিতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণী বাড়িতে এসে অনশন শুরু করলে আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে কৌশলে পালিয়ে যায়। সংবাদ লেখা পর্যন্ত হালিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ভুক্তভোগী তরুণী ওই বাড়ির সামনে অনড় অবস্থানে রয়েছেন।
এ ব্যাপারে গাড়িদহ ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান বলেন, ছেলের মা আমাকে ফোনে জানিয়েছে, ওই এলাকার মেম্বার শহিদুলকে দুই পক্ষের মুরুব্বিদের নিয়ে বিষয়টি সমাধান করে দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166953