জলাবদ্ধতায় ডুবলো কেন্দ্র, বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা
টানা ভারী বর্ষণে কুমিল্লায় এসএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা পড়েছেন আরও এক কঠিন পরীক্ষায়। কুমিল্লা শহরে এক ঘণ্টার বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।
আজ মঙ্গলবার ( ২৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার ঈশ্বর পাঠশালা (উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে দেখা যায় শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় পরীক্ষার্থীরা বেঞ্চের ওপর পা তুলে বসে পরীক্ষা দিচ্ছেন।
কোথাও আবার দাঁড়িয়ে থেকেই লিখতে হচ্ছে খাতায়। হল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শিক্ষিকাকেও দেখা যায় চেয়ারের ওপর পা তুলে বসে থাকতে। চারদিকে পানি, তবুও চলছে পরীক্ষা।
এদিকে বৃষ্টির সঙ্গে শুরু হয় আরেক দুর্ভোগ বিদ্যুৎ বিভ্রাট। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে গেলে অনেক কেন্দ্রে মোমবাতি ও চার্জলাইটের ক্ষীণ আলোয় পরীক্ষা নিতে হয়। অন্ধকারাচ্ছন্ন কক্ষে, অস্বস্তিকর পরিবেশে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখাও হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকরা। কেউ পানিতে ভিজে, কেউ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করেছেন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় দেখা যায়, হাঁটু থেকে কোমরসমান পানি মাড়িয়ে বাড়ির পথে ফিরছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে কেন্দ্রসচিব বলেন, ‘হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছি। মোমবাতি ও চার্জলাইট দিয়ে পরীক্ষা চালানো হয়েছে। পানি প্রবেশের বিষয়টিও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে। তবে পুরাতন ভবনের কিছু কক্ষে সাময়িক সমস্যা হয়েছিল।’
এদিকে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হলে তা নিরসনে মাঠে নামে সিটি করপোরেশন। প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নির্দেশে কর্মীরা দ্রুত ড্রেন ও খালের মুখ পরিষ্কার করে পানি সরানোর চেষ্টা করেন। তবুও বিকেল পর্যন্ত নিচু এলাকাগুলোতে পানি জমে থাকতে দেখা গেছে।