ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ২, শিক্ষক ৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ২, শিক্ষক ৫

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। শিক্ষার্থী সংখ্যা একজন।

অপর কক্ষে ২য় শ্রেণির ক্লাস নিচ্ছে আরেক জন শিক্ষক। সেখানেও শিক্ষার্থী সংখ্যা একজন। প্রথম শ্রেণির কক্ষে নেই কেউই। প্রধান শিক্ষকসহ ৩ জন শিক্ষক অফিস কক্ষে বসে রেজুলেশন লিখছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে এমন চিত্র দেখা গেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পি এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বিদ্যালয়ের এমন অবস্থা কেন জানতে চাইলে প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায় বলেন, আশেপাশে অনেকগুলো কিন্ডারগার্টেন স্কুল গড়ে উঠেছে। সে কারণে আমাদের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। বিদ্যালয়ের হাজিরা খাতা অনুযায়ী, বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৪ জন। এরমধ্যে প্রাক প্রাথমিকে ১৪ জন, প্রথম শ্রেণিতে ৯ জন, দ্বিতীয় শ্রেণিতে ৮ জন, তৃতীয় শ্রেণিতে ১০ জন, চতুর্থ শ্রেণিতে ৭ জন এবং পঞ্চম শ্রেণিতে ৬ জন। শিক্ষক রয়েছেন ৫ জন।

স্থানীয়রা জানান, স্কুলের সাথেই প্রধান শিক্ষকের বাড়ি। তিনি খুব প্রভাবশালী হওয়ায় স্কুলের বিষয়ে কেউ কিছু বলতে চায় না। অন্য শিক্ষকরাও নিয়মিত স্কুলে আসেন না। আসলেও ঠিকমতো পড়াশোনা করান না। দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে। পাশের এলাকায় কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুল গড়ে ওঠায় অভিভাবকরা সেদিকে ঝুঁকছেন।

তাদের অভিযোগ, সকালে দু-একজন ছাত্র-ছাত্রী আসলেও ২য় শিফটে বেশিরভাগ সময়ই কেউ আসে না। শিক্ষকরা দুপুরের পর স্কুল বন্ধ করে চলে যান। কাগজে কলমে বিদ্যালয়ে ৫৪ জন ছাত্র-ছাত্রী দেখানো হলেও বাস্তবে রয়েছে ২৫ থেকে ৩০ জন। চাকরি বাঁচাতে প্রধান শিক্ষক বেশি ছাত্র-ছাত্রী দেখিয়েছেন। অবশ্য প্রধান শিক্ষক এ অভিযোগ অস্বীকার করেছেন।

পরিদর্শনকালে দুপুরের পর স্কুল বন্ধসহ এ ধরণের অভিযোগের সত্যতা পেয়ে গত ২৬ এপ্রিল শিক্ষকদের শোকজ করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম। তিনি জানান, ঠিকমত স্কুল চলে না এবং শিক্ষার্থীর সংখ্যা ও উপস্থিতির সংখ্যা খুবই কম। একাধিকবার তাগাদা দেওয়ার পরও উন্নতি হয়নি।  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন জানান, এরইমধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষকদের শোকজ করা হয়েছে। শিক্ষার্থী উপস্থিত নেই কেন জানতে চেয়ে আবারও তাদের শোকজ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166919