দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : র‌্যাব

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই : র‌্যাব

র‌্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার বলেছেন, সরকারিসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই। র‌্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে এসব বিষয় গুরুত্ব দিয়ে মাঠে রয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খালিদুল হক বলেন, যে কোনো হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। এখনও হামলার কোনো ধরনের শঙ্কা নজরে পড়েনি বলেও জানায় র‌্যাব। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি রিভলবারসহ ফোরকান আলী নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়া একই রাতে অন্য অভিযানে আরও দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটার গান, ৯ রাউন্ড গুলি, ৬টি মোবাইল ও  এক লাখ ২ হাজার পিস ইয়াবাসহ আরও ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা সকলেই ৫ আগস্ট পরবর্তী সময়ে শহরে ছিনতাই, মাদক কারবারিসহ নানা অপরাধে জড়িত। 

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সাথে মিলে কাজ করার পাশাপাশি রাজধানীতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাবে বলেও জানান র‌্যাব-২ এর অধিনায়ক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166845