নওগাঁর আত্রাইয়ে ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ঝড়ে গাছ পড়ে বেদে পল্লীর আরাফাতুন (২০) নামের এক অন্ত:সত্ত্বা গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাতে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে। নিহত গৃহবধূ আরাফাতুন মুন্সিগঞ্জ জেলার পদ্মা থানার খুঁরিয়া গ্রামের ইয়াসিন আরাফাতের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তিন মাসের অন্ত:সত্ত্বা ছিলেন।
জানা যায়, মুন্সিগঞ্জ এলাকা থেকে বেশ কয়েকটি বেদে পরিবার আত্রাই নদীর তীরে অস্থায়ী তাঁবু টাঙিয়ে বসবাস করছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে প্রচন্ড ঝড়ে একটি ইউক্লিপটাস গাছ ভেঙে তাঁবুর ওপর পড়লে গৃহবধূ মারাত্মক আহত হন।
এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২৭ এপ্রিল) ভোরে তিনি মারা যান। সংবাদ পেয়ে নওগাঁ পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166807